র্যাবের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৪

রংপুর র্যাব-১৩ এর দিনাজপুর কোম্পানি-১ এর একটি দল অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন এসএ পরিবহনের সামনের প্রধান সড়কে অভিযান চালিয়ে মাদক বিক্রির ৩ হাজার ৪শ টাকাসহ মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর হাকিমপুর থানার ছোট ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। এটি এ অঞ্চলের সবচেয়ে বড় ইয়াবা চালান আটকের ঘটনা বলে দাবি করেছে র্যাব। র্যাব-১৩ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আহসান হাবীব মঙ্গলবার সন্ধ্যায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি স্বীকার করে- সে দীর্ঘদিন যাবত্ অবৈধ মাদক কারবারের সাথে জড়িত এবং বিভিন্ন জায়গা হতে মাদকের বড় চালান দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। এছাড়াও গেফতারকৃত আসামি কসমেটিকস ব্যবসার আদলে লোকচক্ষুর অন্তরালে থেকে দীর্ঘদিন যাবত্ তার মাদক কারবার চালিয়ে আসছে।