ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ সভা-সমাবেশ করবে না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের অনুমতি নিয়ে সোমবার আওয়ামী লীগ সমাবেশ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রবিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।
প্রসঙ্গত বিকেল ৫টা থেকে ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি)।
দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি যুগ্ম কমিশনার এ ঘোষণা দিয়ে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তবে আশা করি আওয়ামী লীগ আগামীকাল সভা-সমাবেশ করার সুযোগ পাবে। তবে শেষ পর্যন্ত অনুমতি না পেলে নেতাকর্মীরা যে যার অবস্থানে সর্তক থাকবেন।
হানিফ বলেন, আমরা এক মাস আগে থেকে ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালনের কর্মসূচি ঘোষণা দিয়েছি। এ জন্য আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। কিন্তু বিএনপি মাত্র কয়েকদিন আগে কর্মসূচি ঘোষণা করে যে পরিবেশ তৈরি করেছে- তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ।
