স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ জানিয়েছেন, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখায় সোমবার জাতিসংঘের সামনে তারা বিক্ষোভ করবেন এবং এই বিক্ষোভের মাধ্যমে জাতিসংঘসহ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হযরত আলী, সৈয়দা মাহমুদা শিরীন, জাকির হাওলাদার এম এ বাতেন, আতাউর রহমান আতা, মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
এর আগে সন্ধ্যায় জ্যাকসন হাইটসে বিক্ষোভ করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি। বিক্ষোভ সমাবেশ থেকে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার নিন্দা জানান এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেন। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, সাঈদুর রহমান, এম এ খালেক আকন্দ, সেলিম রেজা, নীরা রব্বানী, রুহুল আমীন নাসির প্রমুখ।
এদিকে ৫ জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসাবে পালন করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের ১৯টি সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। সংগঠনের সভাপতি কমান্ডার নূনন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ড. প্রদীপ কর, গোলাম মোস্তফা খান মিরাজ, ফারুক হোসাইন, জাকারিয়া চৌধূরী প্রমুখ।
অন্যদিকে রবিবার রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সভাপতি জেড এ জয় এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া উপস্থিত ছিলেন।
এদিকে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হলো রবিবার রাতে। কুইন্সের উডসাইডে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে সহস্রাধিক বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান।
