মিসরে অজ্ঞাত রাণীর সমাধি আবিষ্কার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৫:২৯
 
মিসরের প্রত্নতত্ত্ববিদরা অজ্ঞাত এক রাণীর সমাধি আবিষ্কার করেছে। সোমবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
কায়রোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবু-সিরে সমাধিটি পাওয়া যায়। সমাধিটি সাড়ে চার হাজার বছর আগে শাসন করা ফারাও নেফেরেফ্রে’র স্ত্রী অথবা মা ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মিসরের পুরাকীর্তিমন্ত্রী মামদোউহ এল-ডামাতে বলেছেন, ঐ রাণীর নাম খেনটাকেওয়েস। সমাধির একটি দেয়ালে এটি খোদাই করা ছিল। 
সমাধিটি ফারাও নেফেরেফ্রের অন্ত্যেষ্টিক্রিয়া কমপ্লেক্সে আবিষ্কার করা হয়েছে। 
জেক ইনিস্টিটিউট অব ইজিপ্টোলজি’র প্রধান মিরোস্লাভ বার্তা বলেছেন, রাণীর কবরের স্থানটি দেখে মনে হচ্ছে এটি ফারাওয়ের স্ত্রী কবর। 
সমাধি ছাড়াও জেক প্রত্নতত্ত্ববিদরা ৩০টি তৈজসপত্র আবিষ্কার করেছেন। এগুলো চুনাপাথর ও তামা দিয়ে তৈরি।
প্রাচীন মিসরের রাজধানী মেম্ফিসের জন্য রাজ কবরস্থান হিসেবে আবু-সির ব্যবহার করা হতো।