‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৭

 ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ এ শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো চিলড্রেনস্ ফিল্ম সোসাইটি আয়োজন করতে যাচ্ছে ১২তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব ২০১৯। ২ মার্চ বিকাল চারটায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বর ও শওকত ওসমান মিলনায়তনে উত্সবের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি থাকবেন বিশিষ্টি চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিলড্রেনস্ ফিল্ম সোসাইটির সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল।

উত্সবটির বিস্তারিত জানাতে গতকাল মঙ্গলবার ধানমন্ডি আলিয়াঁস ফ্রঁসেজে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম, সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক, মুনিরা মোরশেদ মুন্নী ও উত্সব পরিচালক আবির ফেরদৌস মুখর।

এবার ঢাকায় মূল উত্সব কেন্দ্র হিসেবে ব্যবহূত হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তন। উদ্বোধনী দিন ছাড়াও প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি প্রদর্শনী হবে। উত্সবে ঢাকায় মোট ৪টি ভেন্যুতে ৩২টি দেশের ১৭৯ টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। উত্সবের সকল প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত। এবারও উত্সবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশী শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগ।