ট্রাফিক আইন অমান্যে সোয়া ৬ হাজার মামলা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৭

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে সোয়া ছয় হাজার মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গত সোমবার ভোর থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত ডিএমপির সবকটি থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩২ লাখ ৮৬ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে অভিযানকালে ২৭টি গাড়ি ডাম্পিং ও ৭৯৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগসূত্রে জানা যায়, দায়েরকৃত ৬৩১৬টি মামলার মধ্যে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১০৮১টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১২০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৫টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৬১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৬টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৬টি ভিডিও মামলা দেওয়া হয়।