শিশু চলচ্চিত্র উৎসব ২৪ জানুয়ারি থেকে শুরু

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৯:৪৫
আন্তর্জাতিক শিশু চলচিচত্র উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ২৪ জানুয়ারি থেকে। চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বর ও শওকত ওসমান মিলনায়তনে ৩০ জানুয়ারি পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উৎসবের উদ্বোধন করবেন।  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে চিলড্রেন ফিল্ম সোসাইটি নেতারা এ কথা জানান। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন স্লোগান নিয়ে প্রতি বছরের মত এবারও উৎসবটি অনুষ্ঠিত হবে বলে জানান উৎসব পরিচালক রায়ীদ মোরশেদ। এ সময় বক্তব্য রাখেন চিলড্রেন ফিল্ম সোসাইটির (সিএফএস) সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুননী ও চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।
উদ্যোক্তারা জানান, একই সাথে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও খুলনার ১৪টি ভেন্যুতে ৪৬টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি করে প্রদর্শনী হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের সকল প্রদর্শনী অভিভাবকসহ শিশু ও কিশোরদের জন্য উন্মুক্ত থাকবে।
এই উৎসবে যেসব দেশের চলচিচত্র প্রদর্শিত হবে তা হলো- আর্জেটিনা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রাজিল, বেলজিয়াম, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, চীন, চাইনিজ তাইপি, চিলি, কলম্বিয়া, কোবা, ডেনমার্ক, মিশর, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, ভারত, ইরান, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, লেবানন, মেক্সিকা, নেপাল, নেদারল্যান্ড, প্যালেস্টাইন, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া, সিঙ্গাপুর, স্লোভেনিয়া, স্পেন, শ্রীলংকা, সুইডেন, তানজেনিয়া, থাইল্যান্ড, তুর্কী, ইউকে ও ইউএসএ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগে এ বছর ৮০টি চলচ্চিত্র জমা পড়েছে। যার মধ্যে নির্বাচিত ৩০টি ছবি প্রদর্শিত হবে। এই বাছাই করা ছবিগুলোর মধ্যে ৫টি পুরস্কারের জন্য মনোনীত হবে। পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও আর্থিক প্রণোদনা থাকবে। পুরস্কারের জন্য গঠিত ৫ সদস্যের জুরি বোর্ডের সবাই শিশু-কিশোর।
এবার কিশোর চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ যোগাতে ‘ইয়াং বাংলাদেশি ট্যালেন্ট’ শীর্ষক এক নতুন পুরস্কার চালু করা হয়েছে বলে জানানো হয়। ১৯ থেকে ২৫ বছরের তরুণ নির্মাতারা এতে অংশ নেবেন। একই সাথে এবারই প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বিভাগে উৎসব কমিটির দ্বারা মনোনীত বাংলাদেশসহ অন্যান্য দেশের ১৫টি চলচ্চিত্র অংশ নেবে। মনোনীত চলচ্চিত্রগুলোর বিচারক হিসেবে পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা বুদ্ধদেব দাস গুপ্তকে চেয়ারম্যান করে তিন সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে।
সিএফএস’র সভাপতি, ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, শিশুদের জন্য এই চলচ্চিত্র উৎসব এক ধরণের আন্দোলন। এ উৎসব শুধু বিনোদনের জন্য নয়, এ উৎসবের মাধ্যমে শিশুরা সৃজনশীলতা ও মানসিক দৃষ্টিভঙ্গীর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।