আলেকজান্ডার জেরেভ বিশ্বের সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে শুধু মৌসুম সমাপনী এটিপি ফাইনালসই জিতলেন না, তুলে নিলেন নিজের ক্যারিয়ারেরও বড় জয়টি। জেরেভই হলেন এই প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ শিরোপা জয়ী।
গত রবিবার রাতে ২১ বছরের এই জার্মান তরুণ সরাসরি সেটে হারান সার্বীয় টেনিস তারকাকে।
কিংবদন্তি বরিস বেকারের পর জেরেভই প্রথম বছরের শেষ এটিপি প্রতিযোগিতার খেতাব নিয়ে গেলেন তাঁর দেশে। ১৯৯৬ সালে বরিস বেকার এই টুর্নামেন্টের ফাইনালে উঠে হেরে গিয়েছিলেন। তার আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
জোকোভিচ, ১৪টি গ্র্যান্ড স্ল্যাম ও পাঁচটি এটিপি টুর ফাইনালস জয়ী, এদিন জেরেভের কাছে ৬-৪, ৬-৩ গেমে হারেন। এর আগে গত শনিবার সেমিফাইনালে রজার ফেদেরারকে হারিয়েই ফাইনালে উঠেছিলেন তিনি। তার পরের দিনই এল বিশ্বের এক নম্বরকে হারিয়ে পাওয়া শিরোপাটি।
উল্লেখ্য, ফেদেরার সবচেয়ে বেশি ছ’বার এটিপি ফাইনালস জিতেছেন।
