একুশে টেলিভিশনের চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১৪:৫৮
 
ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি মামলায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত সাড়ে তিনটার দিকে কাওরানবাজারে একুশে টেলিভিশিনের কার্যালয় থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
আবদুস সালামের গ্রেফতারের বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিশ্চিত করলেও কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা নিশ্চিত করা হয়নি। একুশে টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন আগে ‘একুশের চোখ’ অনুষ্ঠানে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হওয়াকে কেন্দ্র করে জনৈক নারী ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
তবে অপর আরেকটি সূত্র জানায়, রবিবার রাত দুইটার দিকে লন্ডন থেকে একজন রাজনৈতিক নেতার বক্তব্য সরাসরি সম্প্রচার করার বিষয়টিকে কেন্দ্র করে বিটিআরসি এর সঙ্গে একুশে কর্তৃপক্ষের টানাপোড়েন চলছে। এর জের ধরে সোমবার দেশের বিভিন্ন স্থানে ক্যাবল অপারেটররা একুশে টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়। যদিও একুশে কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের সম্প্রচার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।