ওয়েলিংটন টেস্ট জয়ের জন্য পঞ্চম ও শেষদিনে স্বাগতিক নিউজিল্যান্ডের প্রয়োজন ৯ উইকেট। আর সফরকারী শ্রীলংকার দরকার আরও ৩৪৫ রান।
কেন উইলিয়ামসনের প্রথম ডাবল-সেঞ্চুরি ও বিজে ওয়াটলিং-এর সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ফলে শ্রীলংকার সামনে টার্গেট দাঁড়ায় ৩৯০ রান। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৪৫ রান তুলেছে লংকানরা। এর আগে প্রথম ইনিংসে কিউইদের ২২১ রানের জবাবে ৩৫৬ রান করেছিলো লংকানরা।
তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৫৩ রান তুলেছিলো নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৮০ ও ওয়াটলিং ৪৮ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনের শুরু থেকে বেশ সর্তক ছিলেন দু’জনে। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে ঠিকই স্কোর বোর্ডে রান তুলেছেন তারা। এরমধ্যে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন।
পরবর্তীতে সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রুপান্তর করেছেন উইলিয়ামসন। পাঁচ বছরের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ডাবল-সেঞ্চুরি স্বাদ পেলেন তিনি। শেষপর্যন্ত ১৮টি চারের সহায়তায় ৪৩৮ বলে ২৪২ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন।
তার সঙ্গী ওয়াটলিং স্বাদ পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির। ইনিংস ঘোষণার আগে ১৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ৩৩৩ বলের ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কার মার রয়েছে। শ্রীলংকার পক্ষে নুয়ান প্রদীপ ১১৭ রান ৩ উইকেট শিকার করেন।
জয়ের জন্য ৩৯০ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৪২ রানে দিমুথ কারুনারত্নেকে হারায় শ্রীলংকা। ব্যক্তিগত ১৭ রানে ফিরেন তিনি। এরপর আরেক ওপেনার কুশাল সিলভা ও নাইটওয়াচম্যান ধাম্মিকা প্রসাদ দিনের বাকী সময়টুকু কোনো বিপদ ছাড়াই পার করেন। সিলভা ২০ ও প্রসাদ ১ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর : (চতুর্থ দিন শেষে)
নিউজিল্যান্ড : ২২১ ও ৫২৪/৫ডি., ১৭২ ওভার (উইলিয়ামসন ২৪২*, ওয়াটলিং ১৪২*, প্রদীপ ৩/১১৭)।
শ্রীলংকা : ৩৫৬/১০ ও ৪৫/১, ১৭ ওভার (সিলভা ২০*, কারুনারত্নে ১৭, ক্রেইগ ১/০)।
