উত্তরায় দুই বাসের ওভারটেক প্রতিযোগিতায় প্রাণ গেল ৩ জনের

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ০১:৪০

রাজধানীর উত্তরায় হাউস বিল্ডিংয়ের পাশে মাসকট প্লাজার সামনে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আগে যাওয়ার প্রতিযোগিতার সময় একটি বাস সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে ৩ জন নিহত হন। নিহতরা হলেন গাজীপুরের চকোলেট তৈরির প্রতিষ্ঠান পারফেটি বেনজিল লিমিটেডের প্রডাকশন ম্যানেজার এম এম হোসেন উদ্দিন (৩৪),  মেইনটেইনেন্স ম্যানেজার প্রদীপ কুমার মজুমদার (৪৪) ও সিএনজি চালক নজরুল ইসলাম (৩০)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তরা মাসকট প্লাজার পাশে বিআরটিসির একটি বাস ও প্রভাতী বনশ্রী পরিবহনের বাসের মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতা চলছিল। এ সময় বিআরটিসি বাসের পিছনে ছিল সিএনজি চালিত অটোরিকশা। প্রভাতী বনশ্রী পরিবহনের বাসটি বিআরটিসি বাসটিকে ওভারটেক করার সময় অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে যায়। এতে ওই অটোরিকশার দুই যাত্রী ও চালক ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইকবাল জানান, বাস দুটি আটক করা হয়েছে। তবে প্রভাতী বনশ্রী বাসের চালক পালিয়ে গেছে। লাশগুলো উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।