১০১ টাকা দেনমোহরে সিমলাকে বিয়ে করেন পলাশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৬

মাত্র ১০১ টাকা দেনমোহরে চিত্রনায়িকা সামসুন নাহার সিমলাকে বিয়ে করেছিলেন চট্টগ্রামে বিমান ছিনতাই নাটকের নায়ক পলাশ। ২০১৮ সালের ৬ মার্চ ঢাকায় এক নোটারি পাবলিকের কার্যালয়ে তাদের বিয়ে হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিয়ের হলফনামায় দেখা যায় স্বামী-স্ত্রীর বয়সে প্রায় ১০ বছরের ব্যবধান। পলাশের জন্ম ১৯৯১ সালের ১ জানুয়ারি। আর সিমলার জন্ম ৪ ডিসেম্বর ১৯৮২। স্বামীর চেয়ে স্ত্রীর বয়স প্রায় ১০ বছর বেশি। সিমলা ছিলেন পলাশের দ্বিতীয় স্ত্রী। মাত্র ৯ মাস সংসার করার পর গত ডিসেম্বরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পলাশের আসল নাম মো. পলাশ আহমেদ হলেও ফেসবুক পেজে তাকে মাহিবি জাহান নামে দেখা যায়। মাদ্রাসা থেকে দাখিল পাস করার পর লেখাপড়া ছেড়ে দিলেও ফেসবুক প্রোফাইলে দেখা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। নিজেকে আইটি এনালিস্ট বলে দাবি করা মাহিবি কাজ করেছেন ব্রিটিশ এয়ারওয়েজে। বাড়ি ঢাকায় হলেও থাকেন যুক্তরাজ্যে। তবে ফেসবুকে দেয়া এসব তথ্য সঠিক নয় বলে জানা গেছে। ফেসবুকে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর পিস্তলসহ নিজের একটি ছবিও দিয়েছিলেন পলাশ ওরফে মাহিবি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, একটি চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন পলাশ। সিমলাকে বিয়ে করার সুবাদে সিনেপাড়ায় তার আনাগোনা ছিল। তার বিরুদ্ধে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও কম নয়। বাবার টাকা পয়সা নষ্ট করা, বিভিন্নজনের কাছ থেকে ছলচাতুরি করে টাকা হাতিয়ে নেওয়া, মেয়েদের উত্ত্যক্ত করাসহ অনেক অপকর্মে তিনি জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।