হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যবাহী লাঠি খেলা। এখন স্যাটেলাইট যুগে আর দেখা যায় না এই খেলা। বর্তমান সময়ে গ্রামে গ্রামে আয়োজিত বিভিন্ন মেলায় আগের মত আর নিয়ে আসা হয় না এই খেলার দলকে। যার কারণে সচরাচর চোখে পড়ে না ঐতিহ্যবাহী এই খেলাটি। বর্তমানে লাঠি খেলার সঙ্গে জড়িত ব্যক্তিরা জীবন-জীবিকার তাগিদে এই খেলা ছেড়ে অন্য পেশায় যোগ দিতে বাধ্য হচ্ছেন। এক সময় বিভিন্ন মেলা ও গ্রাম্য সাংস্কৃতিক অঙ্গনে খুবই কদর করা হত লাঠি খেলাকে। দম ফেলার মত ফুরসত পেত না এই লাঠি খেলা দলের সদস্যরা। লাঠি খেলার সঙ্গে জড়িত পুরাতন শক্তিশালী খেলোয়াররা আজ অনেকই নেই তবুও ওস্তাদদের দেয়া শিক্ষা নিয়ে গুটিকয়েক শিস্য আজও ধরে রেখেছে তাদের এই ঐতিহ্যবাহি লাঠি খেলা। মাঝে মধ্য লাঠি খেলা প্রেমী কিছু মানুষদের ডাকে ছুটে যায় এই খেলার দল। এই খেলার ঢোলের বাজনা শুনেই মুহুর্তের মধ্য ছুটে এসে জমা হয় শত শত দর্শক। উপজেলায় বর্তমানে গুটি কয়েক লাঠি খেলার দল আজও এই ঐতিহ্যবাহী খেলাটিকে ধরে রেখেছে।
উপজেলার রাতোয়াল গ্রামের লাঠি খেলা দলের প্রধান মো. হাকি (৪৮) জানান, জীবিকার তাগিদে অনেকে আজ এই পেশা থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। কোন ব্যক্তি বা মহল যদি এই খেলাটি রক্ষার্থে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসেন তাহলে গ্রামবাংলার এই ঐতিহ্য ধরে রাখা সম্ভব।
