ডাকসু নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না ---------ওবায়দুল কাদের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নীতি নৈতিকতায় দুর্বল। তারা নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ। তাই ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে অথচ উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না। এটা স্ববিরোধী সিদ্ধান্ত। বিএনপির তৃণমূলের অনেক নেতা বিভিন্ন উপজেলায় প্রার্থী হয়েছেন। তারা কেন্দ্রের কথা মানছেন না। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধি আছে। সে হিসেবে নির্বাচন হবে। সরকার এতে কোনো হস্তক্ষেপ করবে না। গতকাল মঙ্গলবার ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডাকসু নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নির্বাচনে হেরে গেলেও হতাশার কোনো কারণ নেই। মন্ত্রী উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী প্রসঙ্গে বলেন, তৃণমূল থেকে যে তালিকা পাঠানো হয়েছে সে হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হবে তা নয়। প্রার্থীদের প্রত্যেকের তিনটি করে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা আছে। সে হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হবে। যদি কোথাও প্রার্থী মনোনয়নে ভুল হয়ে থাকে তা প্রত্যাহারের আগে সংশোধন করারও সুযোগ রয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।