অবরোধে যানবাহন ভাঙচুর আগুন, বিক্ষিপ্ত মিছিল

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ০০:৪৪

বিএনপিসহ ২০ দলীয় জোট আহূত অবরোধের তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার ও বুধবার রাতে দেশের বিভিন্নস্থানে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা কোথাও কোথাও বিক্ষিপ্ত মিছিল করেছে। তবে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এছাড়া গত কয়েকদিনের সহিংসতা ও পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবিরের চার হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এক চৌমুহনীতেই তিন হাজার সাতশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে শতাধিক নেতাকর্মীকে। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ (ডিএনকে) পরিবহনের একটি থেমে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘুমন্ত চালক ও তার সহযোগী দগ্ধ হয়েছেন। গত বুধবার রাত ১২ টার দিকে উপজেলা সদরের লটাখোলা করম আলীর মোড়ে এ ঘটনা ঘটে। দগ্ধ চালক মামুন (৩২) ও সহযোগী সেলিমকে (২৫) স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খুলনা অফিস: গতকাল বিআরটিসির দুটি বাস ভাংচুর করেছে পিকেটাররা। এ ঘটনায় খুলনা বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় এসআই সোহেল রানা একটি মামলা দায়ের করেন। মামলায় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্তজা, মহানগর ছাত্রদল সভাপতি আরিফুজ্জামান আরিফ ও মহানগর যুবদল সভাপতি শফিকুল আলম তুহিনসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।
নরসিংদী : বেলা ১১ টায় জেলার ভেলানগরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ১০-১২টি ককটেল বিস্ফোরিত হয়। অবরোধকারীরা প্রাইভেটকার, ট্রাকসহ ৫টি যানবাহন ভাঙচুর করেছে। ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে ১০ জন। পুলিশ ১১টি অবিস্ফোরিত বোমা উদ্ধার ও ৩ জনকে গ্রেফতার করে। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপুর বাসায় তল্লাশি করেছে পুলিশ ।
জয়পুরহাট : দিনাজপুরের বিরামপুর থেকে আলু নিয়ে ঢাকা যাওয়ার পথে বুধবার রাত ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমী বাজারের কাছে একটি ট্রাকে ৫/৬ জন যুবক পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। 
রংপুর : গতকাল রংপুরের দলীয় কার্যালয় ছেড়ে মহানগরীর দর্শনা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শিবিরের নেতাকর্মীরা নগরীর পার্কের মোড় মহাসড়কে পেট্রোল ঢেলে আগুন দিয়ে বিক্ষোভ করে। এদিকে রংপুরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের অভিযোগে বিএনপির ৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। গতকাল কোতয়ালী থানার এসআই সাইফুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
লঞ্চে অগ্নিসংযোগ
বরিশাল অফিস: বরিশাল কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক আক্কাসের ‘এমভি জনতা’ লঞ্চে বুধবার রাত সাড়ে নয়টার দিকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। কোরোসিন ঢেলে অগ্নিসংযোগ করলে পুড়ে গেছে আসন। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে লঞ্চটি। তখন লঞ্চটি বন্দরে নোঙর করা অবস্থায় ছিল। এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুরে পিকেটাররা যাত্রীবাহী যানে ইট-পাটকেল নিক্ষেপ করলে চার যাত্রী আহত হয়। 
সিলেট অফিস: হরতালের শুরুতেই নগরীর চৌহাট্টা এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা ঝাটিকা মিছিল করে। এ সময় মিছিলকারীরা ৫-৭ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। দুপুরে জিন্দাবাজারেও ককটেল বিস্ফোরণ ঘটে।
রাজশাহী অফিস: গতকাল নগরীতে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের নেতৃত্বে মিছিল হয়েছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নোয়াখালী: গত বুধবার চৌমুহনীতে দুই জন নিহত হওয়ার ঘটনায় গতকাল জেলাব্যাপী সকাল-সন্ধা হরতালের সমর্থনে ২০ দলের নেতাকর্মীরা সকালে মাইজদীর পাঁচ রাস্তার মোড়ে মিছিল বের করলে পুলিশী বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ মিছিলকারীদেরকে ছত্রভঙ্গ করতে গুলি ছুঁড়ে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ দাবি করেন, গুলিতে ৫/৬ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জনকে আটক করেছে। কবিরহাট উপজেলা সদরে দুপুরে বিএনপি বিক্ষোভ মিছিল করে। এদিকে, বুধবার আহত চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জাহাঙ্গীর (৩৬) ও শাহাবুদ্দিনের (২০) অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চৌমুহনী (নোয়াখালী) : বুধবার চৌমুহনীতে সহিংসতার ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত সাড়ে তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ পর্যন্ত ১৭ জন গ্রেফতার হয়েছেন।
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) : বুধবার রাতে সোনাইমুড়ির আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া বাজারে অবরোধ সমর্থনে বিএনপি মিছিল করে। পরে মিছিলকারীরা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সুমনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এসময় আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিএনপি কর্মী বাবু (২৪), সোহেল (২৬) এবং পথচারী আলম (২৮) গুলিবিদ্ধ হয়।
নারায়ণগঞ্জ: গতকাল সকালে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ-ঢাকা সড়কের গোগনগর পুরাতন ব্রিজ এলাকায় মিছিল করে বিএনপি। এসময় জামায়াত-শিবিরের একটি গ্রুপ অন্তত ৮/১০টি যানবাহন ভাঙচুর করে। এছাড়া শহরের বিবি রোডের উকিলপাড়া এলাকায় সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় তারা বন্ধু পরিবহনের একটি বাস ভাঙচুর করে পেট্রোল বোমা নিক্ষেপ করে এতে আগুন ধরিয়ে দেয়। পিকেটারদের ছোড়া ঢিলে বন্ধু পরিবহনের বাস চালকের মাথা ফেটে গেলে তাকে চিকিত্সার জন্য হাসপাতালে নেয়া হয়।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর রাস্তার মাথায় একটি পাথরবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা।
ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বাইপাস এলাকার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাস, সিএনজি অটোরিকশাসহ ৫টি যানবাহন ভাংচুর করে অবরোধকারীরা। এছাড়া ওই মহাসড়কের ঘাটুরা, সুহিলপুর সড়কে অগ্নিসংযোগ করে যান চলাচলে বাধা সৃষ্টি করে। বুধবার রাত ১০টার পর রেল গেইট, কলেজপাড়া, মৌড়াইল, কান্দিপাড়া, টিএ রোড, শিমরাইলকান্দি এলাকায় ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১৮ নেতা কর্মীকে আটক করা হয়েছে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : বিভিন্নস্থানে অবরোধকারীরা তিনটি মটর সাইকেল ভাংচুর করেছে। পুলিশ এক জনকে গ্রেফতার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ : সোনাসজিদ স্থলবন্দর থেকে পুলিশ, র্যাব ও বিজিবির পাহারায় গতকাল সকালে ৭৭টি পণ্যবোঝাই ট্রাক ছেড়ে যায়। পথে কানসাট, মহদিপুর, মুসলিমপুর ও জেলা শহরের শিবতলা এলাকায় হামলা চালায় অবরোধকারীরা। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ২টি ট্রাকে আগুন দেয়। ১৫টি ট্রাক ভাঙচুর করা হয়। এক পুলিশ সদস্যসহ আহত হয়েছে ৫ জন। অবরোধকারীরা বিভিন্ন স্থানে অন্তত ২০টি অটো রিকশা ভাঙচুর করে।
দেবীগঞ্জ (পঞ্চগড়) : উপজেলা আমিরসহ ৩১ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সুনামগঞ্জ : গতকাল বিকালে শহরের পুরাতন বাসস্টেশন, রায়পাড়া ও আরপিননগর এলাকায় ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রদলের অন্তত ১০ নেতা-কর্মী আহত হন। এসময় ছাত্রদল নেতাকর্মীরা অন্তত ২০টি গাড়ি ও বাটা শো রুম ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ৩০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। পরে মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।
কুমিল্লা: কুমিল্লায় বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর: অবরোধে গতকাল নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মদন (নেত্রকোনা): বুধবার রাতে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন খান ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা: নাশকতার আশংকায় বিএনপি-জামায়াতের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী): কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি কামাল উদ্দিনকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।
বাগেরহাট: মঙ্গলবার পুলিশের উপর হামলার অভিযোগে জেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা জামায়াতের নায়েবে আমির রেজাউল করিমসহ ৪০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বুধবার রাতে বাগেরহাট মডেল থানার এসআই মহিন উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
শিবালয় (মানিকগঞ্জ): পুলিশ-বিজিবির প্রহরায় গতকাল সকালে পাটুরিয়া ফেরিঘাট থেকে বিপুলসংখ্যক যানবাহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া, পাটুরিয়া ঘাটে গোল্ডেন লাইনে দাঁড়িয়ে একটি কোচে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ আগুনে পাশে থাকা অপর একটি মিনিবাস আংশিক ক্ষতিগ্রস্ত­­­ হয়।
বগুড়া: বগুড়ায় ঢিলেঢালাভাবে চলছে ২০ দলের ডাকা অবরোধ। অবরোধ কর্মসূচিতে সড়ক-মহাসড়কে কোন প্রতিবন্ধকতা না থাকলেও গাড়ি ভাংচুর আতংকে মহাসড়কে যানবাহনের সংখ্যা ছিল খুবই কম।

যশোর অফিস: গতকাল যশোরে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। হরতাল ডেকে বিএনপি নেতাকর্মীরা মাঠে না থাকায় জনজীবন ছিল প্রায় স্বাভাবিক। এদিকে বুধবার রাত থেকে গতকাল পর্যন্ত পুলিশ গোটা জেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে।