ইরাকের সামারা শহরের কেন্দ্রস্থলে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় ২ পুলিশসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৮ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা এ বোমা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।
কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা প্রথমে শহরটির পশ্চিম দিকে ৫টি বোমা হামলা চালায়। এরপর তারা মর্টার হামলা করে। এভাবে কয়েক ঘণ্টা নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষ হয়। তবে ইরাকি যুদ্ধবিমান থেকে গুলি ছোড়ার পর তারা পিছু হটতে বাধ্য হয়।
সামারা সুন্নি অধ্যুষিত শহর হলেও এটি শিয়া মুসলিমদের পবিত্র স্থান। গত জুনে দেশটির উত্তরাঞ্চলে হামলা শুরু হওয়ার পর থেকে শহরটি এখন আইএস জঙ্গিদের দখলে রয়েছে। সম্প্রতি মার্কিন যৌথ বাহিনীর বিমান হামলার সহায়তা নিয়ে দেশটির সেনা ও শিয়া মিলিশিয়ারা এ জিহাদি গ্রুপকে পিছু হটিয়ে দিতে সক্ষম হয়। ফলে দক্ষিণাঞ্চলীয় অনেক শহর এবং গ্রাম ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে।
এ দিকে, শিয়াদের রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মনে করে আইএস। আর এ কারণেই তারা ভোরে হামলাটি চালিয়েছে। জানা গেছে, জঙ্গিরা একটি পিক আপ ট্রাকে করে অনেকগুলো পানির ট্যাংক নিয়ে আসে। এগুলো বিস্ফোরক দিয়ে ভর্তি ছিল। ট্রাকটি তল্লাশি চৌকির কাছে এলে বিস্ফোরণ ঘটে। এতে দুই পুলিশ ছাড়াও এক বেসামরিক লোক নিহত হয়।
