দেশের সকল দায়রা আদালতসমূহে দশ বছর বা এর অধিক সময় ধরে বিচারাধীন মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিচারকদেরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশপ্রাপ্তির পর এসব মামলা নিষ্পত্তি করে এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে পাঠাতে বলা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। এছাড়া দায়রা আদালতে বিচারাধীন এসব মামলার একটি তালিকাও সুপ্রিম কোর্টের অধস্তন আদালত সংক্রান্ত কমিটির কাছে প্রেরণ করতে বলা হয়েছে। আদালতের এই আদেশ সংশ্লিষ্ট বিচারকদের অবহিত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে।
গ্রীন লাইনের ভলবো বাসে ডাকাতির ঘটনায় ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি নরসিংদীর রায়পুরা থানায় মামলা করা হয়। এই মামলার আসামি শরিফুল ওরফে শৈবাল হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। শুনানিকালে তার আইনজীবী এটিএম মিজানুর রহমান বলেন, এক যুগ চলছে। কিন্তু আজও একজন সাক্ষীর সাক্ষ্যও গ্রহণ করা হয়নি। কবে বিচার শেষ হবে জানি না। আসামি এক বছর ধরে কারাগারে রয়েছেন। তার জামিন চাচ্ছি। শুনানি শেষে আদালত আসামির জামিন মঞ্জুর করে উপরোক্ত আদেশ দেয়।
