টেস্ট দলে সাদমান

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:১১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই অনুশীলন ম্যাচ খেলছিলেন। গতকাল ৭৩ রান করে আউট হওয়ার পর ড্রেসিংরুমে এসে সুখবরটা শুনলেন— ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। টেলিফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, এটা তার স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা।

হ্যাঁ, স্বপ্ন সত্যি হয়েছে সাদমান ইসলামের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে বাড়তি সদস্য হিসেবে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের সফল এ ক্রিকেটার। আগেই ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল প্রথম টেস্টের জন্য। গতকাল সাদমানকে ১৪তম সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা সাদমান গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল এক ব্যাটসম্যান। গত জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক এ ওপেনার। ফলে যে কোনো সময় তিনি জাতীয় দলে ডাক পেতে পারেন— এমন একটা সম্ভাবনা ছিলই।

এ ডাক পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাদমান বলেছেন, ‘আমি অনেকদিন ধরে এ ফরম্যাটে (টেস্টে) খেলার জন্য নিজেকে প্রস্তুত করছি। এ সুযোগ পাওয়াটা আমার জন্য বিরাট আনন্দের ব্যাপার। খেলার সুযোগ পেলে আমি আমার সেরাটা খেলার চেষ্টা করবো।’