এয়ার এশিয়া বিমানের ‘মূল কাঠামোর সন্ধান’

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১২:৫৮
 
 
ইন্দোনেশিয়ার অনুসন্ধান দল বিধ্বস্ত এয়ার এশিয়া বিমানের মূল কাঠামোর সন্ধান পেয়েছেন বলে বিশ্বাস করছেন। একটি সোনার স্ক্যান এটি শনাক্ত করেছে বলে তারা ধারণা করছেন। রবিবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
একই সঙ্গে তারা একটি শব্দ পাচ্ছেন। ধারণা করা হচ্ছে এটি বিমানটির ব্ল্যাকবক্স থেকে আসছে। জাভা সাগরের যে অংশ থেকে বিমানটির লেজের অংশ উদ্ধার করা হয়েছে তার কাছ থেকেই ঐ শব্দটি শনাক্ত করা হয়েছে। 
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন সমন্বয়কারী সুপ্রিয়াদি বলেছেন, একটি সোনার স্ক্যান  সাগর তলদেশে একটি বস্তু উদঘাটিত করেছে। ধারণা করা হচ্ছে, এটি বিমানের মূল কাঠামো। এর কাছেই ব্ল্যাকবক্সটি খুঁজে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
তিনি বলেছেন, একদল ডুবুরি এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য সাগর তলদেশে গিয়েছে। 
গত ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ১৬২ জন আরোহী ছিল। এখন পর্যন্ত ৪৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশিরভাগ মৃতদেহ বিমানটির মূল কাঠামোর মধ্যে রয়েছে।