বিসিএল

পেসারদের সুযোগ দেখছেন রাব্বি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:১২

ফ্র্যাঞ্চাইজভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসর শুরু হচ্ছে আগামীকাল। চার ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিসিএল। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগের মতোই এবার প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে গঠন করা হয়েছে বিসিএলের দলগুলো।

শীতের মৌসুমে শুরু হচ্ছে বলে বিসিএলে পেস বোলারদের দাপট আশা করছেন কামরুল ইসলাম রাব্বি। মিরপুর স্টেডিয়ামে গতকাল ডানহাতি এই পেসার বোলার বলেছেন, উইকেট থেকে সাপোর্ট পেতে পারেন পেসাররা। রাব্বির আশা, গত আসরের মতোই শিরোপা জেতার লক্ষ্যেই খেলবে তার দল প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।

গতকাল বিসিএলের উইকেট নিয়ে রাব্বি বলেছেন, ‘শীত চলে এলো। আমি আশা করি পেস বোলাররা এই উইকেটে অনেক সাপোর্ট পাবে। যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খেলা হচ্ছে সেহেতু উইকেটগুলোও ভালো থাকবে। আমি মনে করি এবার পেস বোলাররা আধিপত্য করবে।’

বিসিএলের জন্য রাব্বির প্রস্তুতিও ভালো হয়েছে। বল হাতে নিজের সেরাটা দিতে চান তিনি। এবং দক্ষিণাঞ্চলের হয়ে শিরোপা জেতার আশা করছেন রাব্বি। তিনি বলেছেন, ‘দক্ষিণাঞ্চল তো গেলবারেরও চ্যাম্পিয়ন। তো এবছরও চিন্তা থাকবে সেই ধারাবাহিকতাটা যেন বজায় রাখতে পারি। দল হিসেবে ভালো পারফর্ম করে যেন আবারও চ্যাম্পিয়ন হতে পারি।’