কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইউনুছ মিয়া (৫০) নামের একজনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে সোহেল (২৫)। দেবিদ্বার পৌর এলাকার মরিচাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইউনুছ মিয়া ওই গ্রামের মৃত আয়েত আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মসজিদ মার্কেটের সৌরভী ডেকোরেটরের মালিক ইউনুছ মিয়া। তার এক মেয়ে ও চার ছেলের মধ্যে সোহেল দ্বিতীয় সন্তান। শনিবার সন্ধ্যায় সোহেল তার বাবা ইউনুছ মিয়ার কাছে টাকা চাইলে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে বাবাকে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকে সোহেল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
