নারায়ণগঞ্জে দম্পতিসহ ৩ ইয়াবা ব্যবসায়ী আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২১

নারায়ণগঞ্জে দম্পতিসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি টিফিন ক্যারিয়ারের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— গোগনগর ইউনিয়নের কদমতলী এলাকার বাসিন্দা মোঃ মজিবর রহমান ও তার স্ত্রী সুলতানা বেগম এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা এলাকার বাসিন্দা হামিদা বেগম।

র্যাব-১১ এর এএসপি নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, মোঃ মজিবর রহমান একজন পরিবহন ব্যবসায়ী। ব্যবসার সুবাদে টেকনাফের হামিদা বেগমের স্বামীর সাথে পরিচয় হয়। পরবর্তীতে হামিদা বেগমের স্বামী দুর্ঘটনায় মারা গেলে হামিদা বেগম ইয়াবা চোরাচালানের সাথে জড়িয়ে যায়। পূর্ব পরিচয়ের সুবাদে হামিদা বেগম মজিবর রহমানের কাছে টেকনাফ থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে আসছিল। মজিবর রহমানের স্ত্রী সুলতানা বেগম এ ইয়াবা নারায়ণগঞ্জের গোগনগর এলাকায় বিক্রি করতো। গ্রেফতারের ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাষাঢ়ায় ১ হাজার পিস ইয়াবা

উদ্ধার, আটক ২

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, র্যাবের অভিযানে নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এ সময় ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাষাঢ়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। গতকাল সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।