সরকার নিজেদের কি ভাবে নির্বাচিত দাবি করে : ড. কামাল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩২

সরকার নিজেদের কীভাবে নির্বাচিত দাবি করে? মানুষের অধিকার হরণ করে ক্ষমতায় বসে আছে। তাই জনগণের অধিকারের কোনো মূল্য তাদের কাছে নেই বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এ কারণেই আদালতের আদেশের পরও গত ৯ বছরেও নিমতলী আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন হয়নি। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে চকবাজারে আগুনে নিহতদের স্মরণে শোকসভায় তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, কেন এগুলো বাস্তবায়ন হয়নি তা জনগণকে জানানো হোক।

শোক সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জেএসডির সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আবু সাইয়িদ, মেজর জেনারেল আমসা আ আমিন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু।