বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলায় আগামী ১৩ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল আসামিকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এএসএম রুহুল ইমরান গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। একই সঙ্গে খালেদা জিয়াকে আদালতে হাজির করতে হাজতি পরোয়ানা দেওয়া হয়েছে।
গতকাল এ মামলার অভিযোগ গঠনের উপর শুনানির জন্য দিন ধার্য ছিল। দুদক কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল বলেন, অন্য একটি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ায় তিনি এ মামলায় জামিনে আছেন। তাছাড়া গত ১১ বছর এই মামলার বিচার কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত ছিল। সোমবার একটি বেঞ্চ ওই স্থগিতাদেশ তুলে নিয়ে ৬ মাসের মধ্যে বিচার কাজ শেষের আদেশ দিয়েছে। এরপর আদালত উপরোক্ত আদেশ দেয়।
