চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ আগুনে সোহাগ মিয়া (২৫) নামে দগ্ধ অপর একজনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সোহাগ ওই এলাকায় একটি কেমিক্যালের গুদামে কাজ করতেন। এর আগে একই রাতে আনোয়ার হোসেন নামে দগ্ধ একজন চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চকবাজার ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা ৬৯ জন হলো। গত বুধবার আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছিল।
বার্ন ইউনিটের চিকিত্সক অধ্যাপক ডা. নওজেশ খান বলেন, সোমবার রাত ১০টা ২০ মিনিটে আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়। এরপর রাত দেড়টার দিকে মারা যান সোহাগ। ৫৫ বছর বয়সী আনোয়ার আর ২৫ বছর বয়সী সোহাগ- দুজনেরই দেহের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।
