কিউবার সমাজতান্ত্রিক সরকার দেশটির ৫৩ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওয়াশিংটন জানিয়েছে, তাদের দৃষ্টিতে থাকা আরো রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়ার আহ্বান জানানো হবে। ওয়াশিংটন ও কিউবার মধ্যে স্বাভাবিক সম্পর্ক সৃষ্টিতে কিউবার এ পদক্ষেপ একধাপ অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স ও ডেইলি মেইলের।
যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সুসম্পর্ক তৈরি করতে আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১৭ ডিসেম্বর দুই দেশের ৫০ বছরের শীতল সম্পর্ক উষ্ণ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা আরো জানান, এ পর্যন্ত কতজনকে মুক্তি দেয়া হয়েছে তার সঠিক সংখ্যাটি এখনো জানা যায়নি। তিনি বলেন, এই ৫৩ জনের তালিকা কংগ্রেসে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। জনসম্মুখেও নামগুলো প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্র কিউবার তিন গোয়েন্দাকে হস্তান্তর করার বিনিময়ে নিজেদের এক গোয়েন্দাকে ফিরিয়ে এনেছে। কিউবা সরকার ওবামা প্রশাসনকে জানিয়েছে, তারা সর্বশেষ বন্দীকে মুক্তি দিয়েছে। যদিও মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, তাদের দৃষ্টিতে আরো কিছু রাজনৈতিক বন্দী আছেন যাদের নাম এই ৫৩ জনের মধ্যে নেই।
