বড় উত্থান পতনের বৃত্তে শেয়ারবাজার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৫

শেয়ারবাজারে বড় উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিন বাজারের মূল্যসূচক অনেক বেশি বেড়ে যাচ্ছে আবার আরেকদিন অনেক বেশি কমে যাচ্ছে। ফলে বিনিয়োগকারীদের অনেকেই দ্বিধায় পড়ছেন। কোন শেয়ারে বিনিয়োগ করবেন এবং কোনটায় করবেন না সেটা নিয়ে একটা  অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। আগের দিন সোমবার মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেনও বেড়েছিল। সপ্তাহের প্রথম দিন রবিবার বাজারের পতন হয়েছিল। এভাবে একদিন বাজার বাড়ছে তো অন্যদিন বাজার কমে যাচ্ছে।

জরিমানা

এদিকে ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক হিসাব দাখিলে ব্যর্থতার কারণে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৭৭তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জরিমানার পাশাপাশি উদ্যোক্তা, পরিচালক (স্বতন্ত্র পরিচালক ব্যতীত), প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান ফাইন্যান্সিয়াল কর্মকর্তা, কোম্পানি সচিব ও হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্সের সকল বিও হিসাব ফ্রিজ বা লেনদেন অযোগ্য করা হয়েছে।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রি করায় পূরবী জেনারেল ইন্সুরেন্সের পরিচালক মোনা গার্মেন্টসকে ১০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। একই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।