১৫শ’ মণ পচা মেয়াদোত্তীর্ণ মাংস মাছ জব্দ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৫

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সেফ অ্যান্ড ফ্রেশ ফুড নামে একটি হিমাগারে অভিযান চালিয়ে পচা ও মেয়াদোত্তীর্ণ ১৫শ’ মণ মাংস ও মাছ জব্দ করা হয়েছে। গতকাল বিকাল ৪টা থেকে র্যাব ও প্রাণিসম্পদ অধিদফতর যৌথভাবে এ অভিযান চালায়। র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আদালত পরিচালনা করেন।

র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, অভিযানে হিমাগারটি থেকে ১৯০ মণ মহিষের মাংস, ৮শ’ মণ ভেড়ার মাংস, ৫ হাজার কেজি চিকেন নাগেট, ১শ’ মণ ভেড়ার পাঁজরের হাড়, ২শ’ মণ গরুর মাংস। মাংসের কার্টনে দেখা গেছে, ২০১৬ সালে এসব মাংসে প্যাকেটজাত করা হয়েছে। যার মেয়াদ ২০১৭ সালের ৪ অক্টোবর শেষ হয়ে গেছে। এছাড়া ১০ থেকে ১৫ কেজি ওজনের সংরক্ষিত কোরাল মাছের মেয়াদও দুই বছর আগে শেষ হয়ে গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, হিমাগারের ভেতর প্রচুর পরিমাণে পচা মাছ ও গোশত রয়েছে। গত সোমবারও ওই হিমাগারে অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীরা কিছু মাংস ও মাছ সরানোর চেষ্টা করেছিল। তবে সরানোর আগেই আমরা ধরে ফেলেছি। মেয়াদোত্তীর্ণ মালামালগুলো ভারতীয় কোম্পানি ‘রুস্তম ফুড’ নামে এর। ‘ফুড চেইন এশিয়া লিমিটেড’ নামে একটি আমদানিকারক কোম্পানি এসব পণ্য সরবরাহ করে থাকে। এসব পচা মাছ ও মাংস রাজধানীর বিভিন্ন খাবারের দোকান ও সুপার শপে সরবরাহ করা হতো।