জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বিকাশ বাসের কর্মীরা। মঙ্গলবার বিকাল ৫টার দিকে বনানী ক্যান্টনমেন্ট এর এমইএইচ এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মেরাজ ইবনে রশিদ নৃবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী।
জানা যায়, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্লাস শেষে ক্যাম্পাসের বাসে জায়গা না পেয়ে ‘বিকাশ পরিবহন’ এর বাসে করে বাসায় ফিরছিলেন মেরাজ। এসময় ছাত্রদের হাফ ভাড়া নিতে অস্বীকার করলে বাসের হেল্পারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিরাজকে বাস থেকে জোর করে নামিয়ে দিতে চায়। এরপর বনানী ক্যান্টনমেন্ট এলাকার এমইএইচ এলাকায় আসলে চলন্ত বাস থেকে মেরাজকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় বাসের হেল্পার। এসময় আহত অবস্থায় মেরাজকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় পরিবহনের শিক্ষার্থীরা বনানী এলাকায় রাস্তা অবরোধ করে।
