তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৫:৫২
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে দায়েরকৃত মানহানির মামলায় আইনজীবী ড. তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন এই আদেশ দেন। 
আগামী ১০ ফেব্রুয়ারি তুহিন মালিকের গ্রেফতারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
গত ৯ ডিসেম্বর ‘সংবিধান নিয়ে কটূক্তি’, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ ও ‘মানহানির’ অভিযোগে তুহিন মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী।
‘মানহানির’ অভিযোগ আমলে নিয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে ১৩ জানুয়ারির মধ্যে এই আইনজীবীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক। আজ আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বাকি দুই মামলায় বাদীর অভিযোগ সরকারের অনুমতি সাপেক্ষে এজাহার হিসাবে গণ্য করে শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয়।