খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ গুলিবিদ্ধ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৫, ০৯:৪৯
রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান গুলিবিদ্ধ হয়েছেন। রাত পৌনে ৯ টার দিকে গুলশানে হোটেল ওয়েস্টিনের পাশে তাকে বহন করা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে রিয়াজ রহমানের পায়ে গুলিবিদ্ধ হয়। এ ঘটনার পর দুর্বৃত্তরা তাকে বহন করা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার লুত্ফুল কবীর জানান, কে বা কারা ঐ গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিয়াজ রহমানের ব্যক্তিগত চিকিত্সক শুভ রহমান দাবি করেছেন, রাত সাড়ে ৮ টার দিকে গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। গাড়িটি ওয়েস্টিন হোটেলের পাশে পৌঁছলে একদল দুর্বৃত্ত গাড়ির গতি রোধ করে। ঐ সময় রিয়াজ রহমান গাড়ি থেকে নেমে আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। তার কোমরে একটি ও হাঁটুতে তিনটি গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
রাত সাড়ে ৯ টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে চিকিত্সার জন্য রিয়াজ রহমানকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।