হারানো শিশুদের খুঁজে পেতে সহায়তা করবে ফেসবুক

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৫, ২১:৩২
 
হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে বের করতে সহায়তা করবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য এই বিশেষ সতর্কতামূলক সেবা চালু করতে যাচ্ছে তারা। বিশ্বব্যাপী ১৩০ কোটি ব্যবহারকারীর এই সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মটিতে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীর সংখ্যা ১৮৫ মিলিয়ন, যার মধ্যে প্রতিদিন গড়ে ১৪০ মিলিয়ন নিয়মিত ফেসবুকে থাকেন। মূলত তাদের নিউজ ফিডে হারানো শিশুর নাম-ঠিকানার বিস্তারিত এবং ছবি পোস্ট করে সহায়তা চাওয়া হবে শিশুটিকে খুঁজে পাওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিল্ড্রেন সংস্থার সাথে যৌথভাবে কাজ করবে ফেসবুক। কোনো শিশু হারিয়ে গেলে এই সেন্টারের মাধ্যমে ওই শিশুর বিস্তারিত তথ্য জানবে ফেসবুক এবং শিশুটি যে এলাকায় হারিয়ে গিয়েছে সেই এলাকার ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিডেই ওই শিশুর তথ্য প্রকাশ করা হবে। এর মাধ্যমে ওই শিশুটিকে খুঁজে পাওয়া সহজ হবে বলে মনে করছে ফেসবুক। নতুন এই সেবা সম্পর্কে ফেসবুকের ট্রাস্ট অ্যান্ড সেফটি ম্যানেজার এমিলি ভ্যাশার বলেন, ‘যত বেশি মানুষ হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে বের করার কাজে সম্পৃক্ত হবেন, শিশুটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। ফেসবুক ব্যবহারকারী বিপুল পরিমাণ মানুষের মাঝে হারানো শিশু সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তথ্য প্রকাশ করা গেলে এই কাজটি তুলনামূলকভাবে সহজ হয়ে যাবে। শিশুটি যে এলাকায় হারিয়ে গেছে কিংবা যে এলাকায় তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই এলাকার ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে আমরা দ্রুত ওই শিশুর তথ্য প্রকাশ করব। এতে করে দ্রুতই শিশুটিকে খুঁজে পাওয়া সম্ভব হবে বলে আমরা মনে করি।'