মেক্সিকোয় ৪৩ ছাত্রকে অপহরণের সঙ্গে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নিয়ে অপহূতদের অভিভাবকরা যে অভিযোগ করেছেন তাকে ‘ভিত্তহীন’ বলেছে দেশটির সরকার। এ ব্যাপারে সেনাবাহিনীতে তদন্তের কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। খবর এনডিটিভির।
মেক্সিকান কর্তৃপক্ষ বলছে, ইগুয়ালা শহরের পুলিশ কর্মকর্তারা টিচার্স কলেজে শিক্ষারত ওই তরুণদের ২৬ সেপ্টেম্বর অপহরণ করে গুয়েরেরোস ইউনিডোস নামে একটি মাদক চক্রের হাতে তুলে দেয়। মাদকচক্রের পোষা গুন্ডারা তাদের হত্যা করার স্বীকোরোক্তিও দিয়েছে। এরই মধ্যে দগ্ধ ও মৃত অবস্থায় ইগুয়ালার কাছে পাওয়া এক ছাত্রকে শনাক্ত করা হয়েছে। তবে সব ছাত্রেরই মৃত্যু হয়েছে—এটি বিশ্বাস করতে অস্বীকৃতি জানিয়েছে তাদের স্বজনেরা।
অপহূত বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকরা কর্তৃপক্ষকে সেনবাহিনীর বিরুদ্ধে তদন্তের আহ্বান জানালেও সরকারি কৌঁসুলিরা বলেন, কোনো সেনাসদস্য এ ঘটনার সঙ্গে যুক্ত নয়। তবে অভিভাবকদের প্রতিনিধি মানবাধিকার আইনজীবী ভিদুলফো রোসালেস বলেন, ১০ ছাত্র, কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং মাদকচক্রের সদস্যরা কয়েকজন সেনাসদস্যকে এই অপহরণের সঙ্গে যুক্ত করে।
