চীনে নৌ দুর্ঘটনায় নিখোঁজ ২০

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ১৪:১১

 

চীনের ইয়াংজি নদীতে পরীক্ষামূলক যাত্রার সময় একটি টাগবোট ডুবে বিদেশি নাগরিকসহ ২০ জনের বেশি লোক নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে নতুন এই জাহাজটি পরীক্ষামূলক যাত্রা শুরু করেছিল। জাহাজটিতে এর মালিক ও টেকনিশিয়ানরা ছিলেন। খবর: এএফপির।
প্রতিবেদনে বলা হয়, ‘এই ঘটনায় সিঙ্গাপুর ও জাপানের দুই নাগরিক নিখোঁজ হয়েছেন। এছাড়া এক ফরাসি নাগরিকও নিখোঁজ হতে পারেন।’
প্রাদেশিক সরকার জানায়, নিয়ম অনুযায়ী জাহাজটি প্রয়োজনীয় পদ্ধতি ও কার্যপ্রণালী সম্পন্ন না করে এবং এর অবস্থা সম্পর্কে প্রথম রিপোর্টিং না করেই পরীক্ষামূলক যাত্রা শুরু করে।
গণমাধ্যম সংবাদে বলা হয়, ঝাংজিয়াংগাং নগরীতে এশিয়ার দীর্ঘতম নদীটির যে স্থান সবচেয়ে বিস্তৃত সেখানে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। পানি তীব্র ঠাণ্ডা ও প্রচণ্ড স্রোতের কারণে অনুসন্ধান চালাতে উদ্ধারকর্মীদের কষ্ট হচ্ছে।