কোপা ডেল রে'তে এলচেকে হারিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ৪-০ গোলে এলচেকে হারায় দলটি।
ম্যাচে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের মতো তারকারা না খেললেও জয় পেতে বেগ পেতে হয়নি বার্সেলোনার। ম্যাচ শুরুর ২০ মিনিটে ফ্রি-কিকে জেরেমি ম্যাথুর দারুণ এক গোলে এগিয়ে যায় বার্সা। ৪০ মিনিটে বার্সেলোনার পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন সার্জি রবার্তো। বিরতির আগে বক্সে মুনির এল হাদ্দাদিকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে গোল করেন পেদ্রো।
প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে বেশ ভালই আটকে রেখেছিল এলচে। এরপরও শেষ মুহূর্ত ডগলাসের ক্রসে হেড দিয়ে দলতে চতুর্থ গোলটি এনে দেন আদ্রিয়ানো।
এর আগে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগেই এলচেকে ৫-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে অ্যাতলেতিকো মাদ্রিদ।
