আশুগঞ্জে আটকা পড়েছে লক্ষাধিক টন সার

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ১৯:৫২
 
 টানা ১২ দিনের অবরোধের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নদী বন্দরে আটকা পড়েছে লক্ষাধিক টন ইউরিয়া সার। সার পরিবহন করতে না পেরে বিপাকে পড়েছেন ডিলারগণ। অচল হয়ে পড়েছে নৌ বন্দরের স্বাভাবিক কার্যক্রম। দেশের অন্যতম নৌ বন্দর থেকে নিরাপত্তার কারণে ছেড়ে যাচ্ছে না মালবাহী ট্রাক ও নৌযান পরিবহন। কিছু পণ্যবাহী ট্রাক ছেড়ে গেলেও শিকার হচ্ছে হামলা ও অগ্নিসংযোগের। লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। বন্দরটি সচল রাখতে বিকল্প ব্যবস্থায় যানবাহন চালানোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
দেশের অন্যতম নৌ-বন্দর আশুগঞ্জ থেকে  প্রতিদিন ৫ শতাধিক ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহ করে। আশুগঞ্জ সার কারখানা থেকে উত্পাদিত  ইউরিয়া সার  ট্রাক ও জাহাজের মাধ্যমে ডিলাররা ৮ জেলায় পরিবহন করে থাকে। কিন্তু ডিলাররা কারখানা থেকে সার উত্তোলন করলেও অবরোধের কারণে নিজ জেলায় নিয়ে যেতে পারছে না। এভাবে চলতে থাকলে বুরো মৌসুমে কারখানা অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাদপুর, কিশোগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় কৃত্রিম সার সংকটের আশংকা রয়েছে। বর্তমানে টানা অবরোধের কারণে অচল হয়ে পড়েছে নৌ বন্দরটি।
এব্যাপারে জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম নাছির জানান, ট্রাকে করে সার পরিবহন  করা যাচ্ছে না। রাস্তায় গেলেই হামলার শিকার হই।
জেলা সার সমিতির সভাপতি মো.রহুল আমীন বকুল জানান, টানা অবরোধের কারণে আশুগঞ্জ সার কারখানায় লক্ষাধিক টন সার আটকে পড়ে আছে।