সব ধর্ম রক্ষার অঙ্গীকার ওলাঁদের

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ১৭:১০
 
 
 
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ দেশের সব ধর্ম রক্ষা করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, উগ্রপন্থার শিকার সবচেয়ে বেশি হচ্ছে মুসলিমরাই। খবর রয়টার্সের।
 
‘আরব ওয়ার্ল্ড ইন্সটিটিউটে’ এক বক্তব্যে ওলাঁদ প্যারিসে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশের জন্য আরব দেশগুলোকে ধন্যবাদ জানান এবং ইসলাম গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেন।
 
বিদ্রূপ ম্যাগাজিন শার্লি এবদোর  অফিসে হামলার ঘটনাসহ প্যারিসে তিন দিনের প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ জন নিহত হয়।
 
এরই মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট ওলাঁদ বলেছেন, ‘সন্ত্রাসের মুখে ফ্রান্স ঐক্যবদ্ধ হয়েছে। অন্য সব ফরাসিদের মত ফ্রান্সের মুসলিমদেরও একই অধিকার আছে। তাদের রক্ষা করা আমাদের কর্তব্য।’
 
মুসলিম-বিরোধী তত্পরতার নিন্দা জানিয়ে এর শাস্তির ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
 
প্যারিসে হামলার ঘটনার পর দেশের নিরাপত্তা বাড়াতে এরই মধ্যে হাজার হাজার সেনা-পুলিশ মোতায়েন করেছেন ওলাঁদ।
 
এ দিকে, হামলার ঘটনার পরও শার্লি এবদো তাদের নতুন সংখ্যায় মহানবীর (সা.) কার্টুন ছাপানোয় বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আরব বিশ্বের কয়েকটি দেশ এ পদক্ষেপকে ‘প্রকাশ্য উস্কানি’ বলে মন্তব্য করেছে।