কঠোর সমালোচনার মুখে পড়ে এবার প্রটোকল ছাড়াই পথচলার প্রতিশ্রুতি দিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। খবর ডন ডটকমের।
ডন ডটকমের প্রতিবেদনে বলা হয়—পেশোয়ারের আর্মি স্কুলে সস্ত্রীক সফরে প্রটোকল নেয়ায় সমালোচনার মুখে পড়েন ইমরান খান। এরই পরিপ্রেক্ষিতে প্রটোকল ছাড়াই ভবিষ্যতে পথচলার প্রতিশ্রুতি দিলেন তিনি।
সংবাদ সম্মেলনে ইমরান বলেন, ‘এখন থেকে আর কোনো প্রটোকল নিয়ে বেরোতে দেখবেন না আমাকে।’
পেশোয়ার আর্মি স্কুল সফরের কথা উল্লেখ করে ইমরান বলেন, ‘সেখানে প্রটোকলে মাত্র ছয়টি কার ছিল। কিন্তু যেহেতু এটাই ছিল আমার সস্ত্রীক প্রথম সফর এবং আমাদের এমপি ও মন্ত্রীরা—সবাই সেখানে ছিলেন, তাই তা অনেক বড় বলে মনে হয়েছে।’
ইমরান খান পেশোয়ার আর্মি পাবলিক স্কুলে যান বুধবার। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর তালেবান হামলার পর গত সোমবার স্কুলটি আবার খুলে দেয়া হয়। এর দুই দিন পর কেন ওই স্কুলে গেলেন, এ বিষয়ে নিজ থেকেই ইমরান খান বলেন, ‘মিডিয়ার কারণেই আমি আগে যেতে চাইনি। তবে আমাদের সেদিন না যাওয়ারই পরামর্শ দেয়া হয়েছিল।’ দিনটি নিহত স্কুল শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের জন্য খুবই আবেগপূর্ণ ছিল বলে মন্তব্য করেন ইমরান খান। নিহতদের পরিবারের সদস্যরা সেদিন ইমরান খানকে স্কুলে ঢুকতে বাধা দেন।
এ বিষয়ে ইমরান বলেন, তিনি অভিভাবক হলে নিজেও হয়ত একই আচরণ করতেন।
প্রসঙ্গত, পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় অন্তত ১৫০ জন নিহত হয়। এর বেশির ভাগই ওই স্কুলে অধ্যয়নরত শিশু।
