ব্রাসেলসে রাতভর পুলিশি অভিযান

বেলজিয়ামে ২ সন্দেহভাজন নিহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ১৯:২৯
 
 
বেলজিয়ামে সন্ত্রাস-বিরোধী অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে বারবিয়েসে এই অভিযান চালানো হয়। অভিযানে তৃতীয় অপর এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। দেশটির আইন কর্মকর্তা এরিক ভান দের সিপ্ট সাংবাদিকদের বলেন, ‘সিরিয়া ফেরত সন্দেহভাজন কয়েকজন জঙ্গি হামলার পরিকল্পনা করছিল। তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিতে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালায়। পুলিশ দেখামাত্র সন্দেহভাজনরা গুলি ছুড়তে শুরু করেছিল। ব্রাসেলসে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ।’ খবর বিবিসির।
স্থানীয় সময় বৃহস্পতিবার বারবিয়েসে চলা অভিযান সম্পর্কে সিপ্ট বলেন, ‘সন্দেহভাজনরা মৃত্যুর আগ পর্যন্ত বেশ কিছুক্ষণ কেন্দ্রীয় পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদের ওপর গুলি ছোড়ে ও হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়।’
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে—অভিযান শেষে চারটি কালাশনিকভ রাইফেল, বোমা তৈরির সরঞ্জাম এবং পুলিশের পোশাক পাওয়া যায় বলে।
ব্রাসেলস এবং আশপাশের শহরগুলোসহ দেশটির বিভিন্ন এলাকায় অন্ততপক্ষে ১০টি অভিযান চালানো হয়েছে। সন্দেহভাজন এই জিহাদিরা যেকোনো মুহূর্তে পুলিশ স্টেশন কিংবা পুলিশ সদস্যদের ওপর হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় এ অভিযান চালানো হয়।
এর আগে দিনের প্রথম ভাগে ব্রাসেলসের কাছাকাছি জাভেনটামে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
বেলজিয়ামের কর্মকর্তারা জানিয়েছেন—সিরিয়া ও ইরাকে ইসলামি জঙ্গি গোষ্ঠীর পক্ষে লড়াই করতে বেলজিয়ামের প্রায় ৩০০ নাগরিক দেশত্যাগ করেছে। দেশটিতে সন্ত্রাসী হুমকির ব্যাপারে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
প্যারিসে বিদ্রূপ ম্যাগাজিন শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ইউরোপের বেশ কিছু দেশে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে।