এই তো সেদিনের কথা।
বিশ্বকাপ চলা অবস্থায় দৈনিক ইত্তেফাক প্রতিনিধির সঙ্গেই কথা বলতে গিয়ে বাংলাদেশে তাকে নিয়ে উন্মাদনার কথা বলছিলেন তিনি। বলছিলেন, এই দেশটি সম্পর্কে জানেন। সেদিনই পৃথিবীর নানা প্রান্ত থেকে পাওয়া উপহারগুলো পাশে সরিয়ে রাখলেও দৈনিক ইত্তেফাকের দেয়া উপহার হাতে নিয়েই বসেছিলেন নিজের গাড়িতে—হাতে রেখেছিলেন বাংলাদেশের স্মৃতি!
কে জানতো, কয়েক মাসের মধ্যেই সেই বাংলাদেশে আসা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে!
হ্যাঁ, এখনও পর্যন্ত যা খবর, তা সত্যি হলে এই বছরই বাংলাদেশে আসছেন বিশ্ব কাপানো সাবেক ফুটবলার, বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক, মাঠে ও মাঠের বাইরে রং-রূপে বিশ্ব জুড়ে ঝড় তোলা কিংবদন্তি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা। শুধু একটু বেড়াতে আসছেন না। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজমেন্ট দাবি করছে, বাংলাদেশে যে ফ্রাঞ্চাইজি ফুটবল লিগ হতে যাচ্ছে, তার চেয়ারম্যান হতেই রাজি হয়েছেন ম্যারাডোনা। তার মানে, এক দু’বার নয়; অন্তত চার বার এই সময়ে বাংলাদেশ সফর করবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
ভারতে অধুনা দারুণ সাফল্য পাওয়া ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) আদলে বাংলাদেশেও একটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব আগেও দিয়েছিল ভারতীয় ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজম্যান্ট। গতকাল শুক্রবার দুপুরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে দীর্ঘ দুই ঘন্টার বৈঠক করে ভারতীয় এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী বললেন, ‘ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন নিয়ে আমাদের সাথে বাফুফের সভাপতির কথা হয়েছে। তিনি আমাদেরকে এটার জন্য সম্মতি দিয়েছেন।’
এব্যাপারে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘ওরা আমাকে ফ্রাঞ্চাইজি একটা টুর্নামেন্ট করার জন্য আগ্রহ দেখিয়েছে আমি ওদের প্রস্তাবে সায় দিয়েছি। ওরা আমাকে বলেছে, ম্যারাডোনাকে বাংলাদেশে নিয়ে আসবে। তবে আমি এখনও নিশ্চিত না। আগে ওরা ম্যারাডোনাকে বাংলাদেশে নিয়ে আসুক তারপর দেখা যাবে।’
বাংলাদেশে ম্যারাডোনার আসার বিষায়ে নিশ্চিত করে ভাস্বর অবশ্য বলেন, ‘ম্যারাডোনা বাংলাদেশে আসছে এটা আমি শতভাগ নিশ্চিত করে আপনাদের বলতে পারি।’ তিনি দাবি করেছেন, ম্যারাডোনার ব্যক্তিগত সহকারীর সাথে একাধিকবার এ ব্যাপারে তাদের কথা হয়েছে। ম্যারাডোনা এটাও জেনেছেন যে, বাংলাদেশে একটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হতে যাচ্ছে, যে টুর্নামেন্টের চেয়ারম্যান থাকবেন তিনি। ম্যারাডোনা এ ব্যাপারে প্রাথমকি সম্মতি দিয়েছেন এবং ২৮-২৯ জানুয়ারি মাদ্রিদে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের সঙ্গে বৈঠক করবেন আয়োজকরা। এমনকি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেও ম্যারাডোনার উপস্থিতি নিশ্চিত করতে চান ভাস্বর, ‘ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য আমরা ম্যারাডোনাকে আমন্ত্রণ করেছি। তিনি জানতে চেয়েছেন, অনুষ্ঠানটি কোথায় হবে। আমরা জানিয়েছি, টুর্নামেন্ট যেহেতু বাংলাদেশে সেহেতু উদ্বোধনও এখানেই হবে। তিনি তখন বললেন, উদ্বোধনী অনুষ্ঠান লন্ডনে হলে আমি থাকতে পারবো। তারপরও উনি আমাকে জানিয়েছেন, সবকিছু নিশ্চিত করে বিষয়টি জানাতে। মাদ্রিদের বৈঠকে আমি তাকে আমন্ত্রণ করবো। ওনার অনেক সিডিউল থাকে। উনি কবে আসতে পারবেন সেটা জেনে আমরা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবো।’