নগর সংস্কৃতি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ০২:৫৯

ইটালির শিল্পী নিকোল স্ট্রিপোলি তারশিতোর ‘তারশিতো : এমব্রয়ডার দ্য ওয়ার্ল্ড’  শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী আয়োজন করেছে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস্। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারুশিল্প পরিষদের সভাপতি শিল্পী চন্দ্রশেখর সাহা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে ইটালির রাদূত মারিও পামা, শিল্পী নিকোল স্ট্রিপোলি তারশিতো এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

শিল্পী নিকোলা স্ট্রিপোলি তারশিতো ইতালিতে জন্মগ্রহণ করেন। স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেন ফ্লোরেন্সের ইউনিভার্সিটি অব আর্কিটেকচার থেকে। তিনি একাধারে স্থপতি, শিক্ষক ও শিল্পী। তারশিতোর শিল্পচিন্তা এবং কাজের ধারা দেখে প্রতীয়মান হয়, উপমহাদেশের প্রাচীন আধাত্মিক চিন্তা তাকে নানাভাবে প্রভাবিত করেছে। ব্যক্তিগত সফরে বাংলাদেশে বেড়াতে এলে এদেশের ঐতিহ্যবাহী সূচিশিল্পের লোকজ ধারা তাকে আকৃষ্ট করে। এই অঞ্চলের প্রাচীন সংস্কৃতি সম্বন্ধে তিনি অবহিত। ইটালির বারি অঞ্চলে রচিত চিত্রকর্মের সঙ্গে কাদামাটির বাংলাদেশের শিল্প উপাদান সম্পৃক্ত করে তার শিল্পকর্মে নতুন মাত্রা যুক্ত করেছেন। মোট ৩০টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত  ৮টা পর্যন্ত খোলা।
শিল্পকলায় চলচ্চিত্র প্রদর্শনী

আজ ১৭ জানুয়ারি চিত্রনায়িকা সুচিত্রা সেনের প্রথম মৃত্যুদিবস। এ উপলক্ষে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন বিকেল ৪টা থেকে সুচিত্রা সেন অভিনিত ২টি করে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে আজ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী এক চলচ্চিত্র উত্সব এবং স্মরণ সভার আয়োজন করেছে একাডেমি। আজ সন্ধ্যা ৬টায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।