জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউক্রেনের সহিংসতা নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে এক বৈঠকে মিলিত হচ্ছে। কূটনীতিকরা শুক্রবার একথা জানান। লিথুয়ানিয়ার অনুরোধে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এই বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। খবর এএফপি’র।
চলতি সপ্তাহে দেশটিতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার দোনেতস্ক বিমানবন্দরের আশেপাশে চলমান ব্যাপক সংঘর্ষের কারণে অরগানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশনের পর্যবেক্ষকরা ফিরে যেতে বাধ্য হন।
কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ও শুক্রবারের ওই সংঘর্ষে ইউক্রেনের অন্তত ৬ সৈন্য ও ৫ বেসামরিক লোক নিহত ও আরো ১৮ জন আহত হয়েছে।
নিরাপত্তা পরিষদ এবং সে সাথে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন চলতি সপ্তাহের গোড়ার দিকে একটি বাসে রকেট হামলায় ১১ বেসামরিক লোকের নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
এই নিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের ডাকা ২৭ তম বৈঠক হতে যাচ্ছে।
ওই অঞ্চলটিতে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা কিয়েভ সরকারের সৈন্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো বিচ্ছিন্নতাবাদীদের সহায়তার জন্য মস্কোকে অভিযুক্ত করলেও মস্কো বরাবরই তা অস্বীকার করে আসছে।
