বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সাম্প্রতিক বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ এবং এখতিয়ার বহির্ভূত আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে।
অজ্ঞাতস্থান থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো বিবৃতিতে বলা হয়, তাদের দেয়া এ বক্তব্যে জাতি স্তম্ভিত ও হতবাক। এটা জনমনে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করার বক্তব্য।
আইজিপির সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, ‘আইজিপি বিএনপি চেয়ারপারসন সম্পর্কে যেভাবে বক্তব্য রেখেছেন তাতে মনে হয়, একজন ছাত্রলীগের নেতা পুলিশের পোশাক পরে বক্তব্য রাখছেন। পুলিশের আইজির বক্তব্য নজীরবিহীন ও চরম ধৃষ্টতাপূর্ণ। তাদের মনে রাখা উচিত, কোনো অপকর্মই কখনো চিরদিনের জন্য মাটিচাপা থাকে না। জনগণ সব ঔদ্ধত্য, অহংকার ও নিষ্ঠুর অনাচারের বিচার করবেই।’
