ভিডিওগেমে মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ০২:৩৫

যারা ভিডিওগেম খেলেন তাদের জন্য একটি সতর্কবার্তা বটে। তাইওয়ানে একাধারে ভিডিওগেম খেলায় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। এ নিয়ে দেশটিতে ভিডিওগেমের কারণে চলতি মাসে দ্বিতীয় কোন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেল।

তাইওয়ানের কেওসিয়াং শহরের একটি ইন্টারনেট ক্যাফেতে শেইহ নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ক্যাফের কর্মচারীরা জানিয়েছেন, গত তিনদিন ধরে একটানা ভিডিওগেম খেলছেন শেইহ। প্রায়ই তিনি এরকমভাবে খেলেন। দীর্ঘক্ষণ খেলার পর ৩২ বছর বয়সী শেইহ চেয়ারে হেলান দিয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়তেন। এটা তার নিয়মিত অভ্যাস ছিল। গতকাল শনিবারও এর ব্যতিক্রম ঘটেনি। এক কর্মচারী জানান, অনেকক্ষণ চেয়ারে পড়ে ছিলেন শেইহ। একইভাবে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার পর শেইহকে ডাকা হলে কোনো সাড়া-শব্দ পাওয়া যায় না। অবশেষে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তাররা জানিয়েছেন, তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এর কারণ তিনি দীর্ঘক্ষণ ভিডিওগেম খেলেছিলেন। মৃত্যুর আগে তিনি কী ধরনের গেম খেলছিলেন তা নিশ্চিত করে জানা যায়নি। তবে এক কর্মচারী জানিয়েছেন, তিনি ‘কমব্যাট কম্পিউটার গেম’ খেলছিলেন। গত পহেলা জানুয়ারি একাধারে পাঁচদিন ধরে ভিডিওগেম খেলায় নিউ তাইপে সিটির ক্যাফেতে ৩৮ বছর বয়সী এক ব্যক্তির একইভাবে মৃত্যু ঘটে। - এনডিটিভি