ইন্টারপোলের ওয়ান্টেড আফগান মন্ত্রিসভায়

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১১:৪৫
 
আফগানিস্তানের কৃষিমন্ত্রীর পদের জন্য দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনির মনোনীত মোহাম্মদ ইয়াকুব হায়দারি ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন জানার পর এব্যাপারে তদন্তের উদ্যোগ নিয়েছে আফগান প্রেসিডেন্ট কার্যালয়। রবিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইন্টারপোলের ওয়েব সাইট বলছে, ২০০৩ সালে মোটা অঙ্কের কর ফাঁকির অভিযোগে এস্টোনিয়ায় ওয়ান্টেডের তালিকায় রয়েছেন মোহাম্মদ ইয়াকুব হায়দারি। তবে হায়দারি কোনো ধরনের আইনি জটিলতায় ভুগছেন, এমন তথ্য আফগান প্রেসিডেন্ট কার্যালয়ের জানা না থাকলেও এখন তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান একজন মুখপাত্র।
এদিকে হায়দারি বলছেন, মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম থাকলেও তিনি আসলে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।
সংবাদ সংস্থা রয়টার্স তার উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, হায়দারির ভাষায়, ‌বিশ্ব রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত থাকলে এমনটা ঘটতেই পারে।'
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে যে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে, সেটি পরিশোধের দায়িত্ব ছিল অন্য এক ব্যক্তির যিনি হায়দারির কাছ থেকে এস্তোনিয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠান কিনেছিলেন।
তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, বেশ কয়েক বছর ধরেই মিস্টার হায়দারির নাম ওয়ান্টেড তালিকায় থাকলেও আফগানিস্তানে খবরটি এর আগে কখনো সেভাবে জানাজানি হয়নি।
ক্ষমতা গ্রহণের প্রায় তিনমাস পর সাবেক প্রতিদ্বন্দ্বী ও বর্তমান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহর সাথে সমঝোতার পরিপ্রেক্ষিতে সোমবারই মন্ত্রিসভার মনোনয়নের ঘোষণা দেন আফগান প্রেসিডেন্ট।