চুয়াডাঙ্গা নজীবননগর উপজেলার উথলীতে ভারতীয় মদসহ গ্রেফতার কলেজছাত্র ও তার সঙ্গীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। উথলী বিজিবি সদস্যরা শনিবার রাতে অভিযান চালিয়ে কলেজছাত্র নাজমুল হক (২০) ও তার সঙ্গী উজ্জল হোসেনকে (১৯) শিংনগর থেকে উথলী আসার পথে মদসহ গ্রেফতার করে।
বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার উথলী মাঝেরপাড়ার শহিদুল ইসলামের ছেলে উথলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল হক ও একই গ্রামের আমতলাপাড়ার আক্কাছ আলীর ছেলে উজ্জল শিংনগর সীমান্ত থেকে ভারতীয় মদ নিয়ে মোটরসাইকেলে করে আসার সময় বিজিবি তাদের দেহ তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল ভারতীয় মদ উদ্ধার করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের রাতেই ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে বিচারক ইউএনও নুরুল হাফিজ কারাদণ্ডের আদেশ দিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
