কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ১৪:১৭
 
কুমিল্লায় ২০ দলের হরতালে বিএনপি-জামায়াত ও ছাত্রদলের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পৃথক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার মহানগরীর কান্দিরপাড় ও চকবাজার এলাকায় এই সংঘের্ষর ঘটনা ঘটে। 
পুলিশ, স্থানীয় এলাকার ব্যবসায়ী ও লোকজন জানায়, দুপুর ১২টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হরতাল-অবরোধ বিরোধী মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি-জামায়াতের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ২০/২৫টি ককটেলের বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা করে। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও চেয়ার-টেবিল ভাঙচুর করে।
সংঘর্ষে কোতয়ালী থানার ওসি (তদন্ত) সামছুজ্জামান, এসআই সালাউদ্দিন, এসআই নাসির, হাবিলদার হাসান মিয়া, কনস্টেবল রুবেল এবং বিএনপি ও আওয়ামী লীগের কর্মী ও পথচারীসহ কমপক্ষে ১২-১৩ জন আহত হয়। পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
এর আগে নগরীর চকবাজার এলাকায় হরতালের সমর্থনে বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে। এসময় যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ৮-১০টি ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই থেকে তিনজন আহত হন। পরে পুলিশ ১০-১২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, আবারো সংঘর্ষের আশংকায় নগরীর কান্দিরপাড়-চকবাজারসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।