তেভেজের জোড়া গোলে আরো এগিয়ে গেল জুভেন্টাস

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ১৭:১০
 
 
 
আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজের দুই গোলে রবিবার ভেরোনার বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে জুভেন্টাস। আর এই জয়ে রোমার থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে সিরি আ টেবিলের শীর্ষস্থানটি ধরে রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা।
 
এদিকে ২০০১ সালের পরে প্রথমবারের মতো ইতালিয়ান শীর্ষ লিগে শিরোপা জয়ের স্বপ্ন দেখা রোমার আশায় কিছুটা ছেদ পড়েছে। সিসিলিতে পালেরমোর সাথে রুডি গার্সিয়ার দল ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। এটি ছিল গিয়ালোরোসির টানা দ্বিতীয় ড্র। আর সপ্তাহের মাঝামাঝিতে ইতালিয়ান কাপের শেষ ১৬’র লড়াইয়ে ভেরোনাকে ৬-১ গোলে বিধ্বস্ত করা জুভেন্টাসের জন্য জয় তুলে নেয়া কোনো ব্যপারই ছিল না। তুরিনের মাটিতে স্বাগতিক জুভদের কখনই পরাজিত করতে পারেনি ভেরোনা।
ম্যাচের তিন মিনিটের মধ্যেই ফ্রেঞ্চম্যান পল পোগবা দূর পাল্লার শটে ভেরোনা গোলরক্ষক রাফায়েলকে পরাস্ত করে ম্যাচটিকে সহজ করে তুলেন। বৃহস্পতিবার কাপ ম্যাচে বিশ্রামে থাকা তেভেজ আলভারো মোরাতার ডিফ্লেকটেড ক্রসে চার মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচ শেষে এই আর্জেন্টাইন বলেছেন, আমরা দারুণ খুশী। কিন্তু এখনো আমরা শতভাগ সাফল্যের জন্য ক্ষুধার্ত। জয়ের ধারা বজার রেখে এগিয়ে যেতে চাই। এখন আমরা রোমার থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছি। কিন্তু তারপরেও প্যাডেল থেকে পা সড়াবো না। এখনো অনেক দূর যেতে হবে।
কাপ ম্যাচে জুভেন্টাসের হয়ে প্রথম গোল করার পরে আর্জেন্টাইন ২৪ বছর বয়সি মিডফিল্ডার রবার্তো পেরেইরা ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনির সহায়তায় গোল করেছেন। এবারের লীগে এটি তার প্রথম গোল। ক্লডিও মারসিজিওর শর্ট পাস থেকে ১০ মিনিট পরে তেভেজ নিজের দ্বিতীয় গোল করে। এই নিয়ে মৌসুমে ১৩তম গোল করলেন তেভেজ যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

জুভেন্টাসের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রোমা। আট পয়েন্ট করে পিছনে থেকে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে নাপোলি এবং সাম্পডোরিয়া।