সালিশের রায় শুনে কৃষকের আত্মহত্যা!

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ২০:৪৯
 
 
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বড়বাগ গ্রামে সালিশের রায় শুনে ভুক্তভোগী মইজ উদ্দিন নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মইজ উদ্দিনের (৫২) স্ত্রীর সঙ্গে মুরগীর ডিম নিয়ে প্রতিবেশি আবদুল মজিদের পরিবারের লোকজনের সংঘর্ষ হয়। এ ঘটনাটি আপোষ মিমাংসার লক্ষে গতকাল রবিবার বিকেলে মজিদের বড় ভাই ইসলাম উদ্দিনের বাড়িতে আব্দুল মজিদ আকন্দের সভাপতিত্ব অনুষ্ঠিত সালিশ দরবারে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. শহীদুল ইসলামসহ গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন। সালিশে আবদুল মজিদ কথা বললেও মইজ উদ্দিনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। সংঘর্ষের ঘটনায় ক্ষতিপূরণের জন্য মইজ উদ্দিনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
নিহতের স্ত্রী মালেকা খাতুনের অভিযোগ, সালিশের রায় শোনার পর থেকে তাঁর স্বামী অপমানবোধ করে সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। সকালে সকালে মইজ উদ্দিনের মৃতদেহ আবদুল মজিদের বাড়ির কাছের একটি কাঁঠাল গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, মৃত্যুর কারণ জানার জন্যে মইজ উদ্দিনের লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।