মঞ্চায়ন হলো শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’। গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পদাতিক নাট্য সংসদের ভিন্নধারার গল্পের নাটক ‘ম্যাকবেথ’ মঞ্চস্থ হয়। উইলিয়াম শেক্সপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনুদিত এই নাটকে নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী।
স্কটিশ সেনাপতি ম্যাকবেথ যুদ্ধ জয় করে ফিরে আসার পথে রহস্যময় শক্তি তাদের পথরোধ করে ভবিষ্যত্বাণী উচ্চারণ করে বলে: ম্যাকবেথ হবে কডোর প্রধান, পরে রাজা এবং ব্যাংকো হবে রাজার আদি পিতা। ম্যাকবেথের চিঠি পেয়ে লেডি ম্যাকবেথ জানতে পারে বিস্তারিত, উচ্চাকাঙ্ক্ষা জন্ম নেয়। ম্যাকবেথকে প্ররোচিত করে রাজা ডানকানকে হত্যার। নিজ বাড়িতে রাজাকে হত্যা করে সিংহাসনে বসেন ম্যাকবেথ। রাজা হত্যার দায় কৌশলে এড়াতে একে একে হত্যা করেন ডানকানের দেহরক্ষীদ্বয়, ব্যাংকো, ম্যাকডাফের স্ত্রী-সন্তানদের। রহস্যময় শক্তিদের ভ্রান্তিতে ম্যাকবেথ ভুলে যায় যে ক্ষমতা চিরস্থায়ী নয়। লেডি ম্যাকবেথ অনুতাপে দগ্ধ ও অসুস্থ হয়ে আত্মহননের পথ বেছে নেন। ইংল্যান্ডের রাজার সহায়তায় নিজ রাজ্য পুনরুদ্ধারে ডানকান পুত্রদ্বয় ম্যালকম ও ডোনালবেইন ম্যাকবেথ বাহিনীকে পরাজিত করে এবং ম্যাকডাফের অস্ত্রের আঘাতে সমাপ্তি ঘটে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা স্বেচ্ছাচারী ম্যাকবেথের। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাখাওয়াত হোসেন শিমুল, শামছি আরা সায়েকা, হামিদুর রহমান পাপ্পু, ইকরাম, শুভ, জনি, রাসেল, ওয়ালিদ, জুয়েল, জয়, তন্ময়, নাজিম ও মশিউর রহমান।
